সিলেটে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩

১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ৬৩৪ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৩২৭ জন, সিলেটে ২১৩ জন, হবিগঞ্জে ৬১ জন (দু’জন রুবেলা) ও মৌলভীবাজারে ৩৩ জন রয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা
হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা |ফাইল ছবি

সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে।

মারা যাওয়া এক বছর ১১ মাস বয়সী শিশু আব্দুল্লাহ আল আদিল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে ১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে আরো ৮৩ জন ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ৬৩৪ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৩২৭ জন, সিলেটে ২১৩ জন, হবিগঞ্জে ৬১ জন (দু’জন রুবেলা) ও মৌলভীবাজারে ৩৩ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৮৩ জনের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৪ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২১ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে সাতজন ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আটজন ভর্তি রয়েছে।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৮৬ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৬ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৫ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫ জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, মাউন্ট এডোরা হাসপাতালে দু’জন, লায়ন্স হাসপাতালে দু’জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন চিকিৎসাধীন রয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তারা শিশুদের সময়মতো হামের টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র‌্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেয়ার আহ্বান জানিয়েছেন।