সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৯ বোতল এস্কাফ সিরাপসহ এক মাদক বিক্রেতা ও দুই মাদকসেবীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন সড়কে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সৈয়দপুর শহরের পুরাতন মুন্সিপাড়া মহল্লার মরহুম মনির উদ্দিনের ছেলে রকি (৩৫), মুন্সিপাড়া খেজুরবাগ এলাকার নওশাদের ছেলে রাজু (২৩) ও অফিসার কলোনীর মরহুম মাহমুদ আলমের ছেলে আব্দুল মজিদ ওরফে সবুজ (৩৫)।
নীলফামারী জেলা পুলিশ সুপার ফরহাদ হোসেনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো: নুরনবীর নেতৃত্বে সৈয়দপুর শহরের শহীদ ডা: জিকরুল হক সড়ক, শহীদ ডা: সামসুল হক সড়ক ও শেরেবাংলা সড়কসহ রেল লাইনের পাড়ে এই অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে শহীদ ডা: সামসুল হক সড়কে কাপড় মার্কেটের দ্বিতীয় তলার একটা দোকান থেকে চিহ্নিত মাদক বিক্রেতা আমানত হোসেন রকিকে আটক করা হয়েছে। একই অভিযানে রাজু ও সবুজ নামে দুই মাদকসেবিকে আটক করা হয়েছে। এই দু’জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রকিকে গত ৩১ মে বেলা ২টার দিকে শহরের হাতিখানা বানিয়াপাড়া এলাকাবাসী তাকে ২৫ বোতল এস্কাফ সিরাপসহ আটক করে পুলিশে সোপর্দ করেছিল। তিনি চকলেটের দোকানের আড়ালে দীর্ঘদিন থেকে মাদক কারবার চালিয়ে যাচ্ছে। রকির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সৈয়দপুর সার্কেল মো: নুরনবী বলেন, ‘মাদকমুক্ত সৈয়দপুর তথা নীলফামারী জেলা গড়তে আমরা বদ্ধপরিকর। তাই জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় জেলাব্যাপী অভিযান চলছে। এরই অংশ হিসেবে আজ সৈয়দপুরের এ অভিযান। গতকাল নীলফামারী সদরের দারোয়ানী টেক্সটাইল মিলস এলাকায় একইভাবে অভিযান চালানো হয় ও দু’জনকে আটক করা হয়েছে।’
থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করিম রেজাস বলেন, ‘মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে গত এক সপ্তাহে প্রায় ১৫ জন মাদকসেবী ও বিক্রেতাকে আটক করা হয়েছে।’
এ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সৈয়দপুরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।



