দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ইনসাফভিত্তিক দেশ গড়তে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর শূরা সদস্য ডা: সুলতান আহমেদ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বরগুনার কাউনিয়া ইমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব মন্তব্য করেন তিনি।
এ জনসভায় তিনি বলেন, ‘সারাদেশের মানুষের মধ্যে একটি পরিবর্তনের সুর উঠেছে। মানুষ চায় সৎ, যোগ্য ও আদর্শবান ব্যক্তিকে নির্বাচিত করতে।’
সারাদেশে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, ‘পেশিশক্তি ব্যবহার করে মানুষের হৃদয়ে স্থান করা যায় না। চাঁদাবাজি করে চাঁদাবাজি বন্ধ করবেন, এমন কথা মানুষ বিশ্বাস করে না। মানুষ চায় এখন সুস্থ মানসিকতার রাজনীতি।’
এ সময় ভোটকেন্দ্র ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান তিনি এবং দাঁড়িপাল্লা মার্কাতেও ভোট চান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ ও সেক্রেটারি জেনারেল মো: আল মামুনসহ জেলা ও উপজেলার অন্য নেতারা।



