দর্শনা বিস্কুট কারখানায় আগুন, ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

বিস্কুক কারখানায় আগুন লেগে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

Location :

Damurhuda
বিস্কুট কারখানায় আগুন
বিস্কুট কারখানায় আগুন |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় রাজধানী ফুডস নামে একটি বিস্কুট কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কারখানার বিস্কুটসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা বাজারে অবস্থিত বিস্কুট কারখানায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয়রা কারখানায় আগুন জ্বলতে দেখে দর্শনা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কারখানায় থাকা বিপুল পরিমাণ বিস্কুট ও অন্য সামগ্রী পুড়ে যায়।

দর্শনা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মাসুদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। তদন্ত চলছে।’