গাজীপুরের টঙ্গীতে ঘুমন্ত ছেলেকে হত্যার পর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক মাদকাসক্ত বাবা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
রোববার দিবাগত রাত ৩টার দিকে টঙ্গীর উত্তর দত্তপাড়া বর্ণমালা রোডে এ ঘটনা ঘটে।
নিহত সাকিব (১৮) উত্তরার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং পড়াশোনার পাশাপাশি তিনি ছোটখাটো চাকরি করে সংসারের হাল ধরেছিলেন।
অন্যদিকে ঘাতক বাবা সোহেল (৫০) পেশায় রাজমিস্ত্রি হলেও দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত ছিলেন। তারা টঙ্গীর উত্তর দত্তপাড়া বর্ণমালা রোডের একটি বাড়িতে বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন সাকিব। গতকাল শনিবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে ছেলের ওপর হামলা চালান সোহেল। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। এরপর বাড়ি থেকে বেরিয়ে নিকটস্থ রেললাইনে গিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক, এ বিষয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় সাকিবের মামা শরীফ সরকার বলেন, ‘এটি এক ধরনের ডাবল মার্ডার। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’



