কক্সবাজারের চকরিয়া উপজেলায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ইজিবাইকের ধাক্কায় মীর মোশাররফ হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার জিদ্দা বাজার এলাকায় রাস্তা পার হয়ে নিজ দোকানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানান, নিহত ব্যবসায়ী মোশাররফ উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মরহুম মাহামুদুল হকের ছেলে। ব্যবসার প্রয়োজনে তিনি দীর্ঘ সময় ধরে চকরিয়া পৌর সদরে ভাড়া বাসায় থাকতেন। আজ সকাল ৯টার দিকে বাসা থেকে ইজিবাইক নিয়ে জিদ্দা বাজারে নিজ দোকানে যাচ্ছিলেন তিনি। পথে মহাসড়ক পার হওয়ার সময় অপরদিক থেকে আসা ইজিবাইকের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ইজিবাইকটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।



