কটিয়াদীতে রাস্তার পাশে পড়ে থাকা শিশু উদ্ধার

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ফারহানা বলেন, এখানে নিয়ে আসার পর আমরা অক্সিজেনসহ প্রাথমিক চিকিৎসা দিয়েছি। পরে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-এ পাঠানো হয়েছে।

কটিয়াদি (কিশোরগঞ্জ) সংবাদদাতা

Location :

Kishoreganj
উদ্ধার হওয়া শিশু
উদ্ধার হওয়া শিশু |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উজানচর নামক এলাকা থেকে অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা আনুমানিক ১০ বছর বয়সী এক মেয়ে শিশু পাওয়া গেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে স্থানীয় লোকজন প্রথমে তাকে উদ্ধার করে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে আসে। উদ্ধারের সময় শিশুটি তার নাম ফায়জা এবং বাড়ি কিশোরগঞ্জ বলে জানায়। পরে আবারো অচেতন হয়ে পড়ে।

পরে তাকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-এ পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও দুই প্রত্যক্ষদর্শী জোটন বর্মণ ও আব্দুল মান্নান জানান, কটিয়াদী উপজেলার শেষ সীমানা বাজিতপুরের উজানচর আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় সড়ক-সংলগ্ন জমিতে একটি শিশুকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। এ সময় শিশুটি সামান্য কথা বলে তার বাড়ি কিশোরগঞ্জ বলে জানায় এবং প্রথমে নিজের নাম সানজিদা, পরে ফায়জা বলে। এরপর আবারো অচেতন হয়ে পড়ে। তার পাশে একটি শপিং ব্যাগে নতুন জুতা ও কিছু কাপড় পাওয়া যায়৷

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ফারহানা বলেন, এখানে নিয়ে আসার পর আমরা অক্সিজেনসহ প্রাথমিক চিকিৎসা দিয়েছি। পরে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-এ পাঠানো হয়েছে।

বাজিতপুর ভাগলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু হানিফা জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পারি। অচেতন অবস্থায় একটি মেয়ে শিশুকে উদ্ধার করে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-এ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এখন পর্যন্ত তার পরিচয় এবং কিভাবে এখানে এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে।