চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনটি ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। ৪৮২.৮৮ কিলোমিটারের মিরসরাই উপজেলায় মোট জনসংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৯৯৪ জন। পাহাড়, নদী ও সমুদ্র বেষ্টিত মিরসরাই উপজেলার চট্টগ্রাম শহর থেকে দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রমতে, মিরসরাইয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৮৫৯ জন, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮১১ জন, তৃতীয় লিঙ্গ ভোটার ৪ জন। পোস্টাল ব্যালট রেজিষ্ট্রেশন করেছেন ৬ হাজার ৫৭২। পোস্টাল ছাড়া ভোটার হলো ৩ লাখ ৮০ হাজার ১০২টি ভোট। মোট ভোট কেন্দ্র ১০৬টি, মোট বুথের সংখ্যা ৭১৮। ১০৬টি কেন্দ্রে সিসি ক্যামরা স্থাপনের করা হয়েছে। মিরসরাই থানায় ৪৯টি কেন্দ্রের মধ্যে ২১টি অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ), জোরারগঞ্জ থানার ৫৭টি কেন্দ্রের মধ্যে ২৮টি অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। দুইটি থানা মিলিয়ে ১০৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৮টি ঝুঁকিপূর্ণ। এ আসনে এবার ১৮ বছর থেকে ৩৩ বছর বয়সের ভোটার রয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৭২ জন।
জানা গেছে, এ আসনে প্রার্থী রয়েছে ৭জন। প্রতিদ্বন্দ্বীতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আ স ম আ: রব) মনোনীত প্রার্থী এ কে এম আবু ইউসুফ।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সোমাইয়া আক্তার বলেন, ‘মিরসরাইয়ে সব কয়টি ভোট কেন্দ্র সিসি ক্যামরার আওতায় রয়েছে। তবে যেসকল ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ সেগুলোর প্রতি বাড়তি নজরদারী রাখবেন আইনশৃঙ্খলাবাহিনী।



