পিরোজপুরের নেছারাবাদে ৫০০ জন পেলেন কৃষক কার্ড

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নেছারাবাদ উপজেলায় মোট ৩ হাজার ৫৫টি কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur
নেছারাবাদে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেয়া হচ্ছে
নেছারাবাদে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেয়া হচ্ছে |নয়া দিগন্ত

পিরোজপুরের নেছারাবাদে ৫০০ জনকে কৃষক কার্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নেছারাবাদ উপজেলায় মোট ৩ হাজার ৫৫টি কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে।

নেছারাবাদ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসক আবু সাঈদ সভাপতিত্বে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ বিএনপির নেতা-কর্মী ও আমন্ত্রিত কৃষকরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে কৃষকদের একটি ডেটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট সব দফতরকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কৃষকরা সেবা পান।