মালয়েশিয়া ওয়াইএন স্টাডি সলিউশনের ১০ বছর পূর্তি উদযাপন

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র এবং সেরা পোশাকের পুরুষ ও নারী নির্বাচন। প্রবাসী বাংলাদেশীদের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ।

মালয়েশিয়া সংবাদদাতা
ওয়াইএন স্টাডি সলিউশন মালয়েশিয়ার দশ বছর পূর্তি অনুষ্ঠান
ওয়াইএন স্টাডি সলিউশন মালয়েশিয়ার দশ বছর পূর্তি অনুষ্ঠান |নয়া দিগন্ত

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মালয়েশিয়ার উদযাপিত হলো ওয়াইএন স্টাডি সলিউশন মালয়েশিয়ার দশ বছর পূর্তি। দেশটিতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ডক্টর, প্রফেসর , শিক্ষার্থী, ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সদস্য এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রতিষ্ঠানটির ১০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো মোহাম্মদ ইয়াসিনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে অতিথিদের বক্তব্য, দশ বছর পূর্তির কেক কাটা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের গান ও নৃত্যের পাশাপাশি মালয়েশিয়ার শিল্পী এবং দুবাই থেকে আসা শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র এবং সেরা পোশাকের পুরুষ ও নারী নির্বাচন। প্রবাসী বাংলাদেশীদের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ দশ বছর ধরে সুনামের সাথে মালয়েশিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি ও সংশ্লিষ্ট সেবা দিয়ে আসছে ওয়াইএন স্টাডি সলিউশন মালয়েশিয়া। বর্তমানে প্রায় ৪৮টি বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করছে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থী ও অভিভাবকদের আর্থিক লেনদেনে সহায়তার জন্য প্রতিষ্ঠানটির ব্যাংকিং সাপোর্টও রয়েছে।

কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, সারা বাংলাদেশে প্রতিষ্ঠানটির বর্তমানে ১৪টি শাখা রয়েছে এবং কোম্পানিতে কাজ করছেন ৪০০ বেশি কর্মী। শিক্ষার্থীদের আরো কাছাকাছি সেবা পৌঁছে দিতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে মোট শাখার সংখ্যা ২০টিতে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দশ বছরের এই পথচলায় শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী, সহযোগী প্রতিষ্ঠান এবং শুভাকাঙ্ক্ষীদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন দাতো মোহাম্মদ ইয়াসিন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিল্পী ও কলাকুশলীসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। একই সাথে ভবিষ্যতে সেবার পরিধি বাড়িয়ে শিক্ষার্থীদের আরো মানসম্মত সহায়তা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির মালয়েশিয়ান ডিরেক্টর নূর রিস্তিনা ফারাহিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ফয়সাল সরকার, ফারিয়া বাসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতো মোহাম্মদ এবাদত। এ ছাড়া মান্তিসা কলেজের প্রতিনিধি এবং ইন্টারন্যাশনাল কলেজ ইম্পেরিয়ার পরিচালনা পর্ষদের সদস্য, প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিনিয়োগকারীরা অনুষ্ঠানে যোগ দেন।