ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহামেদ (২৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় শাহাদাত শাকিল নামে অপর একজন আহত হন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়িয়ার জোরারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন আহমেদ ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাঠালী এলাকার আরফান আলী শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত শাকিল নামের একজনকে সাথে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ভালুকায় আসছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহামেদ। পথিমধ্যে ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তে জোরারব্রিজ এলাকায় ট্রাকের সাথে ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনা মুখে পড়ে। এতে, নয়ন আহামেদ ঘটনাস্থলেই নিহত ও তার সহযাত্রী শাকিল গুরুতর আহত হন।
ফুবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



