কুয়াকাটায় নিখোঁজের ২ দিন পর জেলের লাশ উদ্ধার

বৃহস্পতিবার বিকেলে লেম্বুর বনঘাট এলাকার কয়েকজন জেলে গভীর সমুদ্রে একটি লাশ ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের জানালে স্বজনরা অন্য একটি নৌকায় ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন এবং উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন।

মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী)

Location :

Patuakhali
লাশ উদ্ধার করা হচ্ছে
লাশ উদ্ধার করা হচ্ছে |নয়া দিগন্ত

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর শাহাবুদ্দিন মাঝি (৬০) নামে এক জেলের লাশ সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা সৈকতের লেম্বুর বন সংলগ্ন গভীর সমুদ্র এলাকা থেকে স্থানীয় জেলেদের সহায়তায় লাশটি উদ্ধার করেন স্বজনরা।

নিহত জেলে শাহাবুদ্দিন মাঝি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর গাছিয়া এলাকার মরহুম আমির হোসেনের ছেলে।

জানা গেছে, গত ২৩ জুন ভোরে কুয়াকাটার গঙ্গামতি এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যান শাহাবুদ্দিন মাঝি। সকাল ১০টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের মধ্যে তিনি ট্রলার থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান। পরে সহকর্মী জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে তীরে ফিরে আসেন।

স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে লেম্বুর বনঘাট এলাকার কয়েকজন জেলে গভীর সমুদ্রে একটি লাশ ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের জানালে স্বজনরা অন্য একটি নৌকায় ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন এবং উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন।

খবর পেয়ে স্থানীয় নৌ-পুলিশ, থানা পুলিশ ও টুরিস্ট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এসেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।