ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া পাঁচ বাংলাদেশীর লাশ যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে লাশগুলো বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
লাশগুলোর মধ্যে আছেন সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমীন (২৭), ছেলে শর্ণশীষ দত্ত (৩), শ্বশুর আকরাম হোসেন (৬০) ও ঢাকার সাভারের আহমেদ বাবু (৩৭)।
এছাড়াও ভোমরা বন্দর দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জের এস এম আলিমুজ্জামানের লাশ আজ দুপুর ১২টার দিকে দেশে আনা হয়েছে বলে জানা গেছে। আর পরিবারের সম্মতিতে রেবতী সরকারের লাশ কলকাতাতেই সৎকার করা হবে।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টার দিকে কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ নামের ওই আবাসিক হোটেলে আগুনে শিশুসহ ৯ ব্যক্তির মৃত্যু হয়। এর মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন, সাতক্ষীরার দুইজন এবং ঢাকা সাভারের একজন রয়েছেন।
কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার দিলীপ দত্তের ছেলে দেবাশীষ দত্ত। তার এক ছেলে ও এক মেয়ে। এর মধ্যে মেয়ে মহিমা দত্তকে (৭) রেখে ৩ আগস্ট তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে ভারতে যান। দুই দিন পর স্ত্রী, সন্তান ও শ্বশুরকে নিয়ে কলকাতায় যান দেবাশীষ। প্রথমে তারা কলকাতায় দুই দিন ছিলেন। এরপর স্ত্রী ও ছেলের চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে যান। গত সোমবার (১৭ আগস্ট) রাত ১১টার সময় চিকিৎসা শেষে বিমানে করে কলকাতায় ফিরে আসেন তারা। পরে কলকাতার নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে উঠেন। পরের দিন মঙ্গলবার রাত ২টার দিকে ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে তাদের মৃত্যু হয়।
সাংবাদিক দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। এ ছাড়া তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন।
লাশ হস্তান্তরের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ, বেনাপোল পোর্ট থানা পুলিশ ও আইসিপি বিজিবি ক্যাম্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লাশগুলো বেনাপোলে পৌঁছালে তাদের পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কফিন ধরে কান্নাকাটি করতে থাকেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস হোসেন খান জানান, ‘কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু হয়। তাদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন এবং ঢাকা সাভারের একজন ছিলেন। পাঁচজনের লাশ আজ দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিক তা শেষ করে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’



