দুমকিতে শিশু ধর্ষণের চেষ্টাকালে যুবক আটক, পুলিশে সোপর্দ

শিশু ধর্ষণের চেষ্টাকালে যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
অভিযুক্ত সোহাগ হাওলাদার
অভিযুক্ত সোহাগ হাওলাদার |নয়া দিগন্ত

পটুয়াখালীর দুমকিতে শিশুকে ধর্ষণের চেষ্টাকালে সোহাগ হাওলাদার (৩০) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলার পাংগাশিয়া ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক সোহাগ উপজেলার দক্ষিণ পাংগাশিয়া এলাকার মিজু হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাংগাশিয়া মডেল নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণীর ওই শিক্ষার্থী মাদরাসা শেষে বাড়ি ফিরছিল। পথের মধ্যে পাংগাশিয়া স’মিল এলাকার দক্ষিণ পাশে শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত সোহাগ রাস্তার পাশের একটি বাগানের ভেতর টেনে-হিঁচড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক বাগানের ভেতর ধস্তাধস্তির দৃশ্য দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেন ও সোহাগকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহাগকে নিজেদের হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।