সুনামগঞ্জের তাহিরপুরে বিয়ে বাড়ির আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজিত বর্মন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর খলাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু সুজিত বর্মন সত্যময় বর্মনের ছেলে।
জানা গেছে, রোববার রাতে অনিল বর্মনের বাড়িতে তার শ্যালিকা প্রিয়া বর্মনের বিয়ে উপলক্ষে গায়ে হলুদের অনুষ্ঠানে বাড়ির চারপাশে আলোকসজ্জা করা হয়। সকালে বাড়ির আঙিনায় টানানো তারে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুজিত বর্মনের। এ সময় তার শরীরের কিছু অংশ পুড়ে যায়।
থানা উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে জানা গেছে বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে অসাবধানতাবসত স্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।’
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু মৃতের ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে।’



