মানিকগঞ্জ জেলায় ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং ঢাকার স্টেডিয়ামগুলোর ওপর চাপ কমাতে মানিকগঞ্জে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এমপি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের নিকট ডি.ও লেটার প্রদানের মাধ্যমে তিনি এই দাবি জানান।
পত্রে আফরোজা খানম রিতা উল্লেখ করেন— মানিকগঞ্জ-৩ নির্বাচনী এলাকাটি ঢাকার নিকটতম জেলা হওয়া সত্ত্বেও এখানে কোনো উন্নত ক্রীড়া অবকাঠামো গড়ে ওঠেনি। জেলার একমাত্র ‘শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম’ অত্যন্ত ছোট এবং এর আয়তন মাত্র ৩.৯৮ একর। জরাজীর্ণ ও অতি পুরাতন এই মাঠটি একইসাথে কেন্দ্রীয় ঈদগাহ হিসেবে ব্যবহৃত হয়। পর্যাপ্ত জায়গার অভাবে এবং আধুনিক সুযোগ-সুবিধা না থাকায় এই জেলায় জাতীয় পর্যায়ের ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা দুরূহ হয়ে পড়েছে।
তিনি জানান, মানিকগঞ্জের ক্রীড়াবিদগণ জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এখানে একটি আধুনিক স্টেডিয়াম নির্মিত হলে নতুন প্রজন্মের ক্রীড়াবিদগণ বিশ্বমানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। ঢাকার নিকটবর্তী হওয়ায় রাজধানী ও জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার চাপ কমবে। যুবসমাজের সামাজিক অবক্ষয় রোধে ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বর্তমানে সরকারের ক্রীড়াবান্ধব নীতির আলোকে প্রতিটি জেলায় ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় মানিকগঞ্জ জেলায় একটি পূর্ণাঙ্গ ও আধুনিক স্টেডিয়াম নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশেষ সহযোগিতা কামনা করেছেন।



