রামগড়ে পৃথক ঘটনায় দুই লাশ উদ্ধার

খাগড়াছড়ির রামগড় উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে উপজেলার নাকাপা বাজার এলাকা ও নাকাপার চাষীনগর এলাকায় এসব ঘটনা ঘটে।

বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)

Location :

Ramgarh
রামগড় থানা, খাগড়াছড়ি
রামগড় থানা, খাগড়াছড়ি |নয়া দিগন্ত

খাগড়াছড়ির রামগড় উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে উপজেলার নাকাপা বাজার এলাকা ও নাকাপার চাষীনগর এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজার এলাকায় নাকাপা উচ্চ বিদ্যালয়ের প্রবেশমুখে যাত্রী ছাউনির পেছনে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে নাকাপা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সাথে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, সোমবার ভোররাতে একই উপজেলার নাকাপাস্থ চাষীনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহ আলম নামে এক ব্যক্তি নিহত হন। তিনি খাগড়াছড়ি পৌরসভার শান্তিনগর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে থেমে চাকা মেরামত করছিল। এ সময় একই মুখী দ্রুতগতির শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম নিহত হন। তিনি চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত আরও একজনকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।