জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া ও চরগাজীরপার দুই গ্রামের জনগণের সংযোগ রক্ষায় ও দুর্ভোগ কমাতে জামায়াতে ইসলামী সাধুরপাড়া শাখার উদ্যোগে কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে নদী পারাপারে নৌকার ওপর নির্ভরশীল মানুষের জীবনে এসেছে স্বস্তি।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া কাটাখালি এলাকায় কাঠের সেতুটি উদ্বোধন করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।
উদ্বোধন শেষে তিনি বলেন, জনগণের কষ্ট লাঘব করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। এই সেতু কোনো রাজনৈতিক প্রচারণার অংশ নয় বরং মানুষের কল্যাণে আমাদের সামাজিক দায়িত্বের বহিঃপ্রকাশ।
নাজমুল হক সাঈদী বলেন, জনগণের দোয়া ও সহযোগিতায় আমরা সবসময় মানবসেবায় নিয়োজিত থাকতে চাই। বকশীগঞ্জ উপজেলা তথা এই সাধুরপাড়া ও চরগাজীরপার মানুষ দীর্ঘদিন ধরে সাঁকো না থাকায় যাতায়াত সমস্যায় ভুগছিলেন। এই সেতু নির্মাণ আমাদের একটি ছোট প্রচেষ্টা মাত্র। আমরা বিশ্বাস করি মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত রাজনীতি। জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক সংগঠন নয় এটি একটি মানবকল্যাণমূলক আন্দোলন। জনগণের পাশে থেকে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।
স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া গাজীরপাড়া, ও বাঙলা পাড়া গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে দশানী নদী শাখা যা কাটাখালি খাল । প্রায় ৫০ বছর ধরে এই খাল পারাপারে ছিল ছোট্ট নৌকা বা কলা গাছের ভেলা। যা মাঝে মধ্যে নদীতে স্রোত থাকলে বন্ধ রাখতেন নৌকার মাঝি। বছরের পর বছর পার হলেও এই নদী পারাপারের জন্য ছিল না কোনো স্থায়ী সেতু। বর্ষা মৌসুমে নদী ফুলে-ফেঁপে উঠলে পারাপার হতো কষ্টসাধ্য। নৌকা না পেলে বন্ধ থাকত স্কুলে যাওয়া, বাজার করা বা জরুরি কাজে চলাচল। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও নারী-শিশুদের ভোগান্তি ছিল চরম। তাই মানুষের কষ্ট লাঘবে একটি কাঠের সাঁকো নির্মাণের উদ্যোগ নেয় জামায়াতে ইসলামী।
স্থানীয় চিনি গাজী বলেন, “আমরা ছোটবেলা থেকে নৌকা দিয়ে পার হতাম। এখন হেঁটেই পার হবো, এটা আমাদের জন্য আনন্দ। কখনো চিন্তা করিনি এখানে সাঁকো বা ব্রিজ হবে।”
সাধুরপাড়া ইউনিয়নের আমির আতিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ- সেক্রেটারি অ্যাডভোকেট ইলিয়াছ হোসেন, বকশীগঞ্জ পৌর আমির মাওলানা আব্দুল মতিন, বকশীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রাসেল মাহমুদ, বকশীগঞ্জ জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি কারিমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



