পারিবারিক কলহের জের ধরে সিলেটে আত্মহত্যা করেছেন স্বামী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম তোফায়েল আহমদ (৪৬)। তিনি সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লা ২৫/৩ এলাকার বাসিন্দা এবং আব্দুল লতিফের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তোফায়েল আহমদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হলে এক পর্যায়ে দু’জনেই আলাদা কক্ষে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তোফায়েল আহমদকে বসতঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে স্ত্রীর আত্মহত্যা চেষ্টা পরিবারের সদস্যরা আটকে দিয়েছেন।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির এয়ারপোর্ট থানার ওসি শাহ মো: মোবাশ্বির বলেন, পারিবারিক কলহের কারণে এক ব্যক্তি ও তার স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তোফায়েল আহমদের লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।



