৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

সিলেটে ফুলকুঁড়ি আসরের খুদে গণিত উৎসব

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত নগরীর স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে এ গণিত উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসবে সিলেট মহানগরীর বিভিন্ন স্কুলের প্রায় এক হাজার ৩০০ শিক্ষার্থী অংশ নেয়।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
গণিত উৎসব প্রতিযোগিতায় সিলেট মহানগরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়
গণিত উৎসব প্রতিযোগিতায় সিলেট মহানগরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে ৬ষ্ঠ খুদে গণিত উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত নগরীর স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে এ গণিত উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসবে সিলেট মহানগরীর বিভিন্ন স্কুলের প্রায় এক হাজার ৩০০ শিক্ষার্থী অংশ নেয়।

‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’ এ স্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরদের মেধা, মনন, সৃজনশীলতা ও নৈতিকতা বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ফুলকুঁড়ি আসর। সংগঠনটির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ গণিত উৎসব আয়োজন করা হয়।

সংগঠনটির সিলেট মহানগর পরিচালক জুনাইদ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক ও ৬ষ্ঠ খুদে গণিত উৎসবের পরীক্ষা কমিটির আহ্বায়ক মো: আবুল কাশেম আজাদের পরিচালনায় উৎসবের আয়োজন সম্পন্ন হয়। সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও সংগঠকদের উপস্থিতিতে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

পরীক্ষা ও অনুষ্ঠান কার্যক্রম পরিদর্শন করেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও ফুলকুঁড়ি আসর সিলেট মহানগরীর উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি মুকতাবিস-উন-নূর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার ও সমাজকল্যাণ অনুষদের অধ্যাপক প্রফেসর ড. মো: ইসমাইল হোসেন, স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের প্রিন্সিপাল মোহাম্মদ শামছ উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক ও কিশোর থিয়েটারের উপদেষ্টা আহমদ মাহবুব ফেরদৌসী, ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক তৌহিদুল ইসলাম এবং কেন্দ্রীয় সংস্কৃতি সম্পাদক মাহবুব সরকার।

পরিদর্শনকালে অতিথিরা ফুলকুঁড়ি আসরের সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, শিশু-কিশোরদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিশু-কিশোরদের কল্যাণে আরো ব্যাপক ও কার্যকর কর্মসূচি গ্রহণের জন্য তারা আয়োজকদের প্রতি আহ্বান জানান।

আয়োজকরা জানান, ৬ষ্ঠ খুদে গণিত উৎসব শুধু একটি গণিত প্রতিযোগিতা নয়, শিশু-কিশোরদের গণিতভীতি দূর করার পাশাপাশি তাদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা ও মেধার বিকাশ ঘটানো এ আয়োজনের অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং মেধাবী প্রজন্ম গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তারা জানান, ‘শিক্ষা সেবায় আনন্দ, গড়বো নতুন দিগন্ত’ এ প্রত্যয়কে সামনে রেখে ফুলকুঁড়ি আসর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক, সামাজিক ও সেবামূলক কর্মসূচি পালন করছে।