মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দির সংরক্ষিত বনাঞ্চলের হামহাম জলপ্রপাতে ভ্রমণে গিয়ে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিচালিত উদ্ধার অভিযানের পর আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ১০ সদস্যের একটি দল হামহাম জলপ্রপাত ভ্রমণে যায়। জলপ্রপাতের পথে দুর্গম পাহাড়ি এলাকায় চলার সময় এক শিক্ষার্থী পিছলে পড়ে হাতে আঘাত পান। আহত সহপাঠীকে নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিকেল ৩টার দিকে বিষয়টি জানতে পারে কমলগঞ্জ থানা পুলিশ। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয় লোকজনকে সাথে নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।
প্রায় দুই ঘণ্টার অভিযানের পর বিকেল পৌনে ৫টার দিকে আটকে পড়া ১০ শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, উদ্ধার হওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন আহত ছিলেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য সবাই সুস্থ রয়েছেন।



