নাহিদ ইসলাম

গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়বো

‘আমাদের জুলাই পদযাত্রা থেমে থাকবে না। সারাদেশে পদযাত্রা শেষ করে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণা করা হবে।’

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়বো : নাহিদ ইসলাম
গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়বো : নাহিদ ইসলাম |নয়া দিগন্ত

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পূর্ব ঘোষিত কর্মসূচিতে আক্রমনের ঘটনায় বিচার না হলে সারাদেশ থেকে লালমার্চ ঘোষণা করে গোপালগঞ্জের মাটি ও মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়বো।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্যকালে তিনি একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জে ফ্যাসিস্ট ও ডেভিলরা তাদের আশ্রয় কেন্দ্র বানিয়েছে। ৫ আগস্টের পরে আমরা বলেছিলাম সন্ত্রাসীদেরও মানবাধিকার রয়েছে। আমরা বিশ্বাস করি বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ ছাত্রলীগকে গ্রেফতার করা হবে। বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা দেখছি তারা গ্রেফতার হচ্ছে না। গ্রেফতার হলেও কোর্ট থেকে ছাড়া পাচ্ছে। বিচার প্রক্রিয়া আগাচ্ছে না। প্রশাসনের বিভিন্ন স্তরে স্বৈরাচারের দোসরেরা রয়ে গেছে। আমরা বিচারের দাবি আদায় না করে রাজপথ ছেড়ে যাব না।’

তিনি বলেন, ‘আপনার রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান। গতকাল একটা রিফাইন্ড আওয়ামী লীগের ভার্সন এদেশের মানুষ দেখেছে। মুজিববাদের সন্ত্রাসীদের পরাজিত করেছি। আমরা এখনো সময় দিচ্ছি এইসব সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। আর না হলে আমরা গোপালগঞ্জ এ লাল মার্চ করবো। এবার কিন্তু আমরা ফিরে আসবো না। গোপালগঞ্জের সাধারণ মানুষকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়বো। আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আছি। আমরা সরকারের কাছে বলেছি গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যেনো হয়রানি করা না হয়। কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসীর সবাইকে ধরে ধরে গ্রেফতার করতে হবে।’

নাহিদ আরো বলেন, ‘আমাদের জুলাই পদযাত্রা থেমে থাকবে না। সারাদেশে পদযাত্রা শেষ করে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণা করা হবে।’ তিনি ৩ আগস্টের কর্মসূচিতে যোগ দেয়ার জন্য সকলকে অনুরোধ জানান।

এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তার বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগের দোসরেরা চুপিসারে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখে। রাতের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে। দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের সকলকে বিচারের মুখে দাড় করাতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি,শ্রমিক উইংয়ের সমন্বয়ক মাজহারুল ইসলাম কোচি, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, সৈয়দা নিলীমা দোলা ও কেন্দ্রীয় সমন্বয়ক তৌহিদ আহমেদ আশিক। সভা সঞ্চালনা করেন এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম।

এর আগে সকালে খুলনা থেকে রওনা হয়ে দুপুর ১টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর ফরিদপুর শহরে এসে পৌঁছে। তাদের নেতৃত্বে দুপুর ২টার দিকে সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করা হয়। বেলা আড়াইটার দিকে পদযাত্রা সহকারে তারা আলীপুরের মোড়ে ইমাম উদ্দিন স্কয়ারে সমাবেশ মঞ্চে এসে পৌঁছে।