ফের করোনায় মৃত্যু দেখলো সিলেট। বুধবার (২৩ জুলাই) নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন একজন করোনা রোগী। তিনি ৯০ বছর বয়সী পুরুষ ছিলেন। তিনি শ্বাসকষ্টসহ আরো জটিল রোগে ভূগছিলেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে। সর্বশেষ গত ১ জুলাই নগরীর শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে একজন করোনায় মারা যান। এর আগে গত ২৬ জুন করোনা আক্রান্ত হয়ে মৌসুমের ১ম ব্যক্তি মৃত্যুবরণ করেন।
বুধবার (২৩ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: আনিসুর রহমান। তিনি জানান, এ নিয়ে চলতি বছর সিলেটে করোনাভাইরাসে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটলেও সার্বিকভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রেরিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ জনের করোনাভাইরাস পরীক্ষার পর ১ জনের কোভিড ১৯ শনাক্ত হয়েছে। গত জানুয়ারি থেকে ৭৬৬টি পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩০ জন। তবে এই মুহূর্তে কোনো হাসপাতালে করোনা রোগী ভর্তি নেই।



