সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেফতার

সোমবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

শফিকুল ইসলাম অপু
শফিকুল ইসলাম অপু

ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, শফিকুল ইসলাম অপু একজন ব্যবসায়ী। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। তবে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকের কাছে পরাজিত হন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগসহ অন্তত তিনটি মামলা রয়েছে।

এছাড়া গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি। এসব মামলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহে নেয়া হচ্ছে।