নোয়াখালীর সোনাইমুড়ীতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে বেলায়েত হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো: শওকত আলী এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত বেলায়েত হোসেন সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের আনছার আলী বেপারী বাড়ির মরহুম আব্দুর রবের ছেলে। তিনি ২০১২ সালের ২১ নভেম্বর থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত রূপালী ব্যাংকের সোনাইমুড়ী শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে ওই ব্যাংকের ৫৬ গ্রাহকের স্বাক্ষর জাল করে নগদ ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন ও স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন।
দুদকের আইনজীবী মোহাম্মদ জহির উদ্দিন বলেন, আদালত ৫৬ গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে তিন ধারায় আসামিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। আসামি বেলায়েত হোসেন পলাতক থাকায় সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।



