বরিশাল-১ আসনে ২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

গৌরনদী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইব্রাহীম এবং আগৈলঝাড়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক পৃথকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Barishal
জামানত বাজেয়াপ্ত দুই প্রার্থীর
জামানত বাজেয়াপ্ত দুই প্রার্থীর |ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচ প্রার্থীর মধ্যে দুইজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। কমিশনের বিধান অনুযায়ী, সংশ্লিষ্ট আসনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভোট গণনা শেষে ১২৯টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে গৌরনদী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইব্রাহীম এবং আগৈলঝাড়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক পৃথকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ২৮ হাজার ১৯৮ জন। ১২৯টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে এক লাখ ৯৯ হাজার ৫৮৫টি। বাতিল হয়েছে চার হাজার ২৭৫টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোট দুই লাখ তিন হাজার ৮৬০টি। ভোটদানের হার ছিল ৬২ দশমিক ১১ শতাংশ। নির্বাচনী বিধি অনুযায়ী, জামানত রক্ষায় প্রয়োজন ছিল প্রায় ২৪ হাজার ৯৪৮ ভোট।

ফলাফলে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো: রাসেল সরদার পেয়েছেন ছয় হাজার ৮৪৬ ভোট। জাতীয় পার্টি (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী সেকান্দার আলী পেয়েছেন এক হাজার ৭৩৬ ভোট। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন পেয়েছেন এক লাখ ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো: কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ৫৪ হাজার ২৮৯ ভোট।