নীলফামারীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট, ফুল ও শিক্ষা সামগ্রী উপহার দিয়ে বরণ করে নেন শিবির নেতৃবৃন্দ।
ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি সিরাজুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, নীলফামারী শহর জামায়াতের আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহমাদ রায়হান ও ছাত্রশিবিরের রংপুর মহানগর শাখার সাবেক সভাপতি নুরুল হুদা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মেধাবীদের হাত ধরেই একটি স্বনির্ভর ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে। শুধু জিপিএ-৫ পেলেই চলবে না, বরং নৈতিকতা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে সামনের দিনগুলোতে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।’
বক্তারা আরো বলেন, ‘এসএসসি বা দাখিল পরীক্ষা হলো উচ্চশিক্ষার প্রথম ধাপ। আগামী দিনে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ক্যারিয়ার গঠনের জন্য এখন থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে কঠোর পরিশ্রম করতে হবে। সততা ও দক্ষতার সমন্বয়ে নিজেদের সৎ, দক্ষ ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’



