খুলনায় মধ্যরাতে সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

খুলনায় মধ্যরাতে আড্ডারত সাংবাদিকদের লক্ষ্য করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় এক সংবাদকর্মী সামান্য আহত হয়েছেন; এ ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে আজ দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দেয়া হয়েছে।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনা জেলার ম্যাপ
খুলনা জেলার ম্যাপ |নয়া দিগন্ত

খুলনায় মধ্যরাতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সাংবাদিকরা অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। ছররার আঘাতে এক সংবাদকর্মী সামান্য আহত হয়েছেন।

গত মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসঙ্ঘ শিশুপার্কের পশ্চিম পাশে আব্দুল জলিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতিসহ সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে এমইউজে খুলনার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির ডাক দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার রাতে আব্দুল জলিলের দোকানের পাশে প্রতিদিনের মতো এমইউজে খুলনার কোষাধ্যক্ষ এস এ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও এমইউজে খুলনার সাবেক সহ-সাধারণ সম্পাদক স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুলসহ পাঁচ-ছয়জন সাংবাদিক গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলি একটি চেয়ারের বিদ্ধ হয়। তবে গুলির ছররাতে সাংবাদিক আওয়াল শেখ সামান্য আহত হন।

এমইউজে খুলনার কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি বলেন, রাতে আমরা কয়েকজন সাংবাদিক আড্ডা দিচ্ছিলাম। দুই যুবক আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি চেয়ারে বিদ্ধ হয় এবং চেয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। পরপরই খবর দেয়া হলে ঘটনাস্থলে দ্রুত পুলিশ আসে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ফায়ারকৃত বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের খবর আমরা জানা নেই। কী কারণে এখানে গুলির ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদ ও তদন্তের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার সভাপতি মো: রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো: নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানাসহ নির্বাহী কমিটি, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো: জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।

তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং খুলনায় কর্মরত সকল সাংবাদিকের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।