কুমিল্লার মুরাদনগরে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)-এর স্বেচ্ছাধীন তহবিল থেকে ৪৭ জন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ১০ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অসহায়, দুস্থ ও অসচ্ছল ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবক ও ব্যবসায়ী কাজী জুন্নুন বসরী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: সফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি নায়েব আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মজিবুর রহমান, উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে এ ধরনের সহায়তা দরিদ্র ও অসচ্ছল মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে ৪৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে মোট ১০ লাখ টাকার অনুদান তুলে দেয়া হয়।



