গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাটে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মনছুর আলম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) সকালে জাফলংয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
গ্রেফতার মনছুর উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা মৃত এবং মা বর্তমানে সৌদি আরবে কর্মরত আছেন। বিগত প্রায় দেড় মাস ধরে কিশোরী তার এক আত্মীয়ের বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিলেন। গত ২৫ জুন প্রতিবেশী মনছুর আলম নিজ বাড়িতে মেয়েটিকে ধর্ষণ করে।
ঘটনার পর ভয় ও আতঙ্কে শিশুটি ধর্ষণের বিষয়টি গোপন রাখে। পরবর্তী সময়ে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের অন্য সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ভুক্তভোগী কিশোরী ধর্ষণে ঘটনা জানালে আত্মীয়-স্বজনরা নিজেদের মধ্যে আলোচনা করে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, অভিযোগ পাওয়ার পরপরই তা নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা ও অন্যান্য আইনগত প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।


