বাগেরহাটের শরণখোলায় আগুনে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামের আবু সালেহের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আবু সালেহ ওই ইউনিয়নের এসবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আবু সালেহ জানান, বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। শুষ্ক মৌসুম হওয়ায় বাড়ির পুকুর ও আশপাশে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস স্টেশনকে ফোনে জানানো হলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে তার টিনশেড কাঠের ঘরসহ আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, জমির দলিল, মূল্যবান কাগজপত্র ও অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবী আলম জানান, খবর পাওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে তিনি নয় সদস্যের একটি টিম নিয়ে ঘটনাস্থলে রওনা হন। ঘটনাস্থলে যাওয়ার রাস্তা খারাপ থাকায় সময় মতো পৌঁছানো সম্ভব হয়নি। তাছাড়া পানির পাইপ বসানোর মতো আশপাশে কোথাও পানি না থাকায় প্রায় আধা কিলোমিটার দূরের একটি খাল থেকে পানির ব্যবস্থা করতে হয়। কিন্তু এরই মধ্যে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
তিনি জানান, রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।



