গাইবান্ধায় বিএনপির হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদ, খুনীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) বাদ আসর ছাত্রশিবির ফেনী শহর ও জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলে কয়েক শ’ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভটি শহরের কেন্দ্রীয় বড় মসজিদ থেকে শুরু হয়ে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও ট্রাংক রোড প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আশরাফুল হক সোহেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি ইমাম হোসেন আরমান, শহর সভাপতি শফিকুল ইসলাম ও সাবেক জেলা সভাপতি জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক শহর সভাপতি ওমর ফারুক, মো: ইসমাইল হোসেন ও বর্তমান শহর সেক্রেটারি এনামুল হক।
বক্তারা বলেন, ২১ জুন শহীদ সাইফুল্লাহ বারীকে হত্যা করা হয়েছে। মূল হত্যাকারী যুবদল নেতাকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। নামেমাত্র তিনজনকে গ্রেফতার করে আমাদের বুঝ দেয়ার চেষ্টা করা হচ্ছে। মূল হত্যাকারীকে দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি।
তারা আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে তার কাজে মনোযোগ দেয়া উচিত। দেশে মাদক বেড়েছে, হত্যা বেড়েছে। এসব বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখা উচিত। বিএনপি কথা দিয়েছিল সবার আগে বাংলাদেশ। কিন্তু এখন আমরা তার বিপরীত দেখতে পাচ্ছি।



