নাটোরে শহরে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে শাহীন সোনার (৪১) ও আকিল হোসেন (২০) নামে দু’জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ বড়গাছার (বুড়া দরগাহ) এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শাহীন সোনার একই মহল্লার কাচু সোনারের ও আকিল হোসেন একই এলাকার আকবর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, দক্ষিণ বড়গাছার (বুড়া দরগাহ) এলাকা দীর্ঘদিন ধরে মাদকসেবন ও বিক্রির জন্য পরিচিত হয়ে উঠেছে। মাদককারবারকে কেন্দ্র করে শাহীন সোনার ও আকিল হোসেনের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল।
সোমবার সকালে বুড়া দরগাহ মসজিদের সামনে শাহীন সোনার দাঁড়িয়ে ছিলেন। এ সময় আকিল হোসেনসহ কয়েকজন সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে শাহীনকে কুপিয়ে আহত করেন। পরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা আকিল হোসেনকে আটক করে গণপিটুনি দেন। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত শাহীন সোনার ও আকিল হোসেনকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, শাহীন ও আকিলের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। ঘটনার পর এলাকায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অন্যদের আটকের জন্যও অভিযান চলছে।



