বন্দরে মাদরাসা ছাত্র অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ইতোপূর্বে গ্রেফতার হওয়া আলী হোসেনের দেয়া তথ্যমতে পুলিশ তাকে গ্রেফতার করে।

শফিকুল আলম ভূঁইয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে মাদরাসা ছাত্র অপহরণ মামলার প্রধান আসামি ইমরান ভূইয়াকে (২৮) গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) বন্দর উপজেলার মদনপুর চানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ মামলায় ইতোপূর্বে গ্রেফতার হওয়া আলী হোসেনের দেয়া তথ্যমতে পুলিশ তাকে গ্রেফতার করে।

এদিকে, অপহরণ মামলার আসামির স্বজনরা ভিকটিম মোহাম্মদ হোসেনের পরিবারের লোকজনকে মামলা তুলে নিতে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছে বলে জানা যায়। এমনকি মামলা প্রত্যাহার না করলে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও ভুক্তভোগীর পরিবার থেকে জানানো হয়।

বন্দর থানা সূত্রে জানা যায়, গত ঈদুল ফিতরের দুই দিন আগে ১৯ মার্চ বিকেলে মদনপুরের চানপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে ও স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ হোসেন অপহরণের শিকার হন। অপহরণের দিন রাতে একটি মোবাইল ফোন নম্বর থেকে কল করে তার বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মোশারফ হোসেন অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়ে বন্দর থানায় মামলা করলে, মোবাইল ফোন নম্বর ট্র্যাকিং করে ঈদের দিন পুলিশের বিশেষ টিম পটুয়াখালী জেলা সদর থেকে আলী হোসেনকে গ্রেফতার করে। তখন তার দেয়া তথ্য অনুযায়ী ওই দিনই ঢাকার শ্যামপুর এলাকা থেকে অপহৃত মোহাম্মদ হোসেনকে উদ্ধার করা হয়। পরে আলী হোসেনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে সে অপহরণ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে ইমরানের নাম বলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা তৌহিদ আলম জানান, অপহরণের ঘটনায় জড়িত সন্দেহেই ইমরানকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের পরিবারের লোকজনকে হুমকি দেয়ার বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে। গ্রেফতার ইমরানের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী মোহাম্মদ হোসেনের বাবা মোশারফ হোসেন জানান, ‘গ্রেফতার ইমরান জঘন্য প্রকৃতির লোক। তার স্বজনদের হুমকিতে আমি চরম নিরাপত্তাহীনতায় আছি। আমার পরিবারের সদস্যদের জান-মালের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় ডায়েরি করেছি। আমি পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।’