এমপি হয়েই বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে গেলেন মাসুদ সাঈদী

‘আমরা সকলে মিলে-মিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলবো। আমাদের মাঝে দলীয় বিভাজন নয়, থাকবে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি।’

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur
পরাজিত বিএনপি প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মাসুদ সাঈদী
পরাজিত বিএনপি প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মাসুদ সাঈদী |নয়া দিগন্ত

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এমপি নির্বাচিত হওয়ার পরই তিনি বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা জামায়াতের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসায় যান। এ সময় ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখের মাধ্যমে এক সৌহার্দ্যপূর্ণ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

‎সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, ‘আমরা সকলে মিলে-মিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলবো। আমাদের মাঝে দলীয় বিভাজন নয়, থাকবে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি।’

‎এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জহিরুল হক, জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান ও জেলা টিম সদস্য রাকিবুল হোসেন।

‎বিজয় লাভের পরপরই মাসুদ সাঈদী ঘোষণা দেন, দল-মত নির্বিশেষে তিনি পিরোজপুরের সকল মানুষের জন্য কাজ করবেন।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তোলা।’

এর আগে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চন্ডিপুর বাজারে আয়োজিত এক সমাবেশে মাসুদ সাঈদী দলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোরভাবে নির্দেশ দেন, বিএনপিসহ কোনো দলের নেতাকর্মীদের প্রতি যেন কোনো ধরনের সহিংস বা উসকানিমূলক আচরণ না করা হয়। ‎এরপর তিনি বিএনপির বিভিন্ন কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের খোঁজখবর নেন।