ফরিদপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টা থেকে পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন ছাত্র-জনতা।
কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, শাহ আরাফাত, জিহাদ ইসলাম রত্ন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা ওসমান হাদির হত্যায় জড়িতদের গ্রেফতার করতে না পারায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বলেন, আমরা দেশে ভালো আওয়ামী লীগ কিংবা খারাপ আওয়ামী লীগ বুঝি না। প্রতিটা অস্ত্রধারী হামলাকারীর বাড়িতে অভিযান চালাতে হবে। আওয়ামী লীগের কমিটির সবাইকে গ্রেফতার করতে হবে। যারা অনলাইন বা অফলাইনে হুমকি দিচ্ছে তাদের গ্রেফতার করতে হবে। বাড়ির সবার তালিকা করে রাখতে হবে এবং সাবধান করে দিয়ে আসতে হবে। আমরা আর কাউকে হারাতে চাই না।
তারা গ্রেফতার অভিযানের ব্যাপারে প্রশ্ন করে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের কেনো গ্রেফতার করা হচ্ছে না, তাদের অস্ত্র কেনো উদ্ধার করা হচ্ছে না, হাদির হত্যাকারীদের এখনো কেনো আইনের আওতায় আনা হয়নি, আইন উপদেষ্টার মাধ্যমে সন্ত্রাসীরা জামিন পায় কিভাবে— এসব প্রশ্নের জবাব চাই।
এর আগে, হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাত ১২টা থেকে গভীর রাত পর্যন্ত শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্ররা।



