নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা

ভারতে পালানোর চেষ্টা করেছিল প্রধান আসামি নূরা

ঘটনার পরপরই পুলিশ বিশেষ গুরুত্বের সাথে দেখছে। ইতোমধ্যেই এজহারে উল্লেখ করা ধর্ষণের সাথে জড়িত চারজন এবং বিচারকার্যে সহায়তাকারী তিনজনসহ সাত আসামিকে গ্রেফতার করতে সম্মত হয়েছে পুলিশ। বাকি দুই পলাতক আসামিকেও দ্রুতই আইনের আওতায় আনা হবে।

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
পুলিশের হাতে গ্রেফতার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরা
পুলিশের হাতে গ্রেফতার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরা |নয়া দিগন্ত

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরা পার্শ্ববর্তী দেশ ভারতে পালানোর পরিকল্পনা করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

আজ শনিবার সকালে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নূরাকে গাজীপুর মাওনা চৌরাস্তা থেকে শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করেছে নরসিংদী গোয়েন্দা পুলিশ। একই সময়ে অন্য আসামি হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করা হয়। এই নিয়ে গত দুই দিনে কিশোরীর মায়ের দায়ের করা মামলায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়।

আব্দুল্লাহ আল-ফারুক জানান, ঘটনার পরপরই পুলিশ বিশেষ গুরুত্বের সাথে দেখছে। ইতোমধ্যেই এজহারে উল্লেখ করা ধর্ষণের সাথে জড়িত চারজন এবং বিচারকার্যে সহায়তাকারী তিনজনসহ সাত আসামিকে গ্রেফতার করতে সম্মত হয়েছে পুলিশ। বাকি দুই পলাতক আসামিকেও দ্রুতই আইনের আওতায় আনা হবে।

এদিকে গতকাল গ্রেফতারকৃত পাঁচ আসামিকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত আগামী রোববার (১ মার্চ) রিমান্ড শুনানির দিন ধার্য করে। আজ দুপুরে সর্বশেষ গ্রেফতার হওয়া প্রধান আসামি নূরা ও হযরত আলীকে আদালদে সোপর্দ করা হবে। সেখানে ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ।

এর আগে, বুধবার রাতে কিশোরী আমিনার বাবার কাছ থেকে নূরার নেতৃত্বে একটি চক্র তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল বিকেলে মহিষাশুরা ইউনিয়নের কোতালীরচর কেন্দ্রী ঈদগাহ কবরস্থানে জানাজা শেষে লাশ দাফন করা হয়।

এই ঘটনার জেরে গ্রেফতার হওয়া মহিষাশুরা ইউপির সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহাম্মদ আলীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়।