ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে নিহত ২

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল |ইন্টারনেট

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা। তিনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। অপরজন মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। তিনি উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। তারা দু’জনই ফুপাতো-মামাতো ভাই।

পুলিশ জানায়, শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি বাস নষ্ট হয়ে যায়। পরে ওই বাসটি সড়কে থেমে গেলে পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার, কাভার্ডভ্যান এবং মোটরসাইকেল ব্রেক করে। কিন্তু মোটরসাইকেলের পিছনে থেকে আসা দ্রুতগতির স্বাধীন পরিবহনের একটি বাস এসে মোটরসাইকেল, কাভারভ্যান ও প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। এছাড়া নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।