ময়মনসিংহের সদরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
বুধবার (২৭ মে) দিবাগত রাত ১টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হন আরো একজন যাত্রী।
পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



