স্বামী-শাশুড়ির বিরুদ্ধে পোশাককর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ, সন্তান নিয়ে পলাতক

গাজীপুর মহানগরের বাসন এলাকায় এক পোশাককর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর
বাসন থানা, গাজীপুর
বাসন থানা, গাজীপুর |নয়া দিগন্ত

গাজীপুর মহানগরের বাসন এলাকায় এক পোশাককর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর তাদের একমাত্র সন্তানকে নিয়ে অভিযুক্ত দুজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাতে মহানগরের পালেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার (২৮) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাজিয়াইল গ্রামের মরহুম জয়নাল আবেদীনের মেয়ে। তিনি স্বামী আলম হোসেনকে (৩০) নিয়ে পালেরপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের তিন থেকে চার বছর বয়সী একটি ছেলে রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুন অর রশিদ জানান, মিম আক্তার উপার্জন করে সংসার চালাতেন, কিন্তু তার স্বামী কর্মহীন ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। ঘটনার দুই থেকে তিন দিন আগে মিমের শাশুড়ি জাহানারা বেগম তাদের বাসায় এসে ওঠেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মঙ্গলবার ভোররাত তিনটা থেকে চারটার মধ্যে স্বামী ও শাশুড়ি ধারালো দা দিয়ে মিমের মুখমণ্ডল, হাত, ঘাড় ও পেটে উপর্যুপরি কোপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অভিযুক্তরা শিশুপুত্রকে নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন।

পাশের বাসার এক ভাড়াটিয়া সকালে ডাকতে এসে রক্তাক্ত লাশ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেয়া হয়।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই শহিদুল ইসলাম ওরফে রানা বাদী হয়ে স্বামী আলম হোসেন ও শাশুড়ি জাহানারা বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পলাতক দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।