বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানচালক বাবু লাল বিশ্বাস নিহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) সকালে উপজেলার আশোকাঠী এলাকার শারমিন ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক বাবু লাল বিশ্বাস উজিরপুর উপজেলার জুমিরবাড়ি গ্রামের সুখ লাল বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, হানিফ পরিবহনের বাসটির অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাসটি গৌরনদী বাসস্ট্যান্ডে আটকে রাখা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহসিন আহম্মেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



