ময়মনসিংহের ভালুকা পৌরসভার হরি বিলে নৌকা চালানোর সময় পানিতে পড়ে লাবিব খান (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে, বুধবার (৬ মে) দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভালুকা সরকারি কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
লাবিব কলেজপাড়ার শাহিন খানের ছেলে এবং চাপড় বাড়ি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর উদ্ধার অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। পরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে লাবিবের লাশ উদ্ধার করে। তার বাসা পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ড কলেজ পাড়া এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান।



