লালপুরে বিদেশী নাগরিকদের হয়রানি, গ্রেফতার ১

৯ মে সকালে একটি ফেসবুক আইডি থেকে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে বিদেশী নাগরিকদের উদ্দেশে আপত্তিকর ও অশ্লীল মন্তব্যের দৃশ্য দেখা যায়, যা দেশজুড়ে নিন্দার জন্ম দেয়।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
লালপুরে বিদেশী নাগরিকদের হয়রানির ঘটনায় গ্রেফতার আমিনুল ইসলাম
লালপুরে বিদেশী নাগরিকদের হয়রানির ঘটনায় গ্রেফতার আমিনুল ইসলাম |নয়া দিগন্ত

নাটোরের লালপুর উপজেলার একটি পার্কে বিদেশী নাগরিকদের সাথে অশোভন আচরণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে উপজেলার লালচানপাড়া এলাকায় অবস্থিত গ্রিন ভ্যালি পার্কে কথিত টিকটকার মোহাম্মদ সাধুর উদ্যোগে “টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬” শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের জন্য পার্কের মাঠ ভাড়া নেয়া হয়েছিল। সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ১০০ থেকে ১২০ জন নারী-পুরুষ পার্কে প্রবেশ করে অস্থায়ী মঞ্চ নির্মাণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।

একই দিন দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে পার্কের ‘সন্ধ্যা মালতি’ পিকনিক স্পটের পাশ দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই বিদেশী নাগরিক হেঁটে যাওয়ার সময় অনুষ্ঠানে অংশ নেয়া ১০ থেকে ১৫ জন ব্যক্তি তাদের পথরোধ করে অশালীন মন্তব্য করেন এবং ভিডিও ধারণ করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার খবর পেয়ে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমানসহ কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরদিন ৯ মে সকালে একটি ফেসবুক আইডি থেকে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে বিদেশী নাগরিকদের উদ্দেশে আপত্তিকর ও অশ্লীল মন্তব্যের দৃশ্য দেখা যায়, যা দেশজুড়ে নিন্দার জন্ম দেয়।

এ ঘটনায় পার্কের ম্যানেজার বাদী হয়ে লালপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। মামলার পর থানার ওসির নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে রাজশাহীর মোহনপুর থানার হরিদাগাছি এলাকার তমির উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলামকে (২৯) গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাজশাহীর তানোর উপজেলার আড়াদীঘি এলাকার মো. রাসেল ইসলাম (২৩) ঘটনার সাথে জড়িত কি না, তা তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।