ফেনীতে ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল

‘২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেনাবাহিনী হত্যা থেকে চব্বিশের জুলাই-আগস্টে গণহত্যাসহ সকল খুনের বিচার করতে হবে।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল
ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল |নয়া দিগন্ত

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংগঠনটির শহর ও জেলা শাখার আয়োজনে শহরের মিজান ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে ট্রাংক রোডসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

ছাত্রশিবিরের শহর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সভাপতি ইমাম হোসেন আরমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মুশফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি জাহিদুল ইসলাম, জেলা সেক্রেটারি আশরাফুল হক সোহেল, শহর সেক্রেটারি এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, ‘দুই বছর পার হলেও আমরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ দেখতে পাচ্ছি না। গণরায়ের বাস্তবায়ন হচ্ছে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন সমাজ। ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেনাবাহিনী হত্যা থেকে চব্বিশের জুলাই-আগস্টে গণহত্যাসহ সকল খুনের বিচার করতে হবে। ফ্যাসিস্ট দোসরদের বিচার কার্যকর করতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করতে হবে।’

তিনি আরো বলেন, ‘জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে জনগণ রাস্তায় নামবে। সময় থাকতে সরকারের শুভবুদ্ধির উদয় হোক।’

সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, ‘এই সরকার শহীদদের রক্তের ওপর ক্ষমতায় বসেছে। এই রক্তের সাথে টালবাহানা, আপস চলবে না। অন্যথায় ছাত্রসমাজ আবার আন্দোলনে নামবে।’