জামালপুরে সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ আল-আমিন (৩৮) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২২ মে) দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়।
আটক আল-আমিন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বালোবাড়ি (হেমনগর) গ্রামের মারফত আলীর ছেলে।
র্যাব ১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্প কমান্ডার মেজর লাবিদের নেতৃত্বে পিংনা ইউনিয়নের মেইয়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে মাদককারবারি আল-আমিনের ভাড়া ঘরের খাটের নিচে ৬৯ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় তিনি পালিয়ে যাওয়ায় চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে।
নির্ভরযোগ্য সূত্র জানায়, স্থানীয় সরিষাবাড়ী ও টাংগাইল জেলার আন্তঃ মাদককারবারির একটি চক্র দীর্ঘদিন আল-আমিনের নেতৃত্বে পিংনা-গোপালপুরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাদক বিক্রি করে আসছিল।
চিহ্নিত ওই চক্রের বিরুদ্ধে পিংনা এলাকায় মাদকের কারবার ছাড়াও নদী ধ্বংস করে অবৈধভাবে বালু ব্যবসা, গরু চোরাচালান, চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, র্যাব মামলা করার পর আটককে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।



