একদিন পর বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জাতির গৌরব আর অহংকারের এ দিনটিতে সৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। তাদের হৃদয় নিঙড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদী।
দিবসটি উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীরা মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম করে সৌধ প্রাঙ্গণকে দিয়েছে এক নতুন রূপ। নানা রঙের বাহারি ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় পড়েছে রঙ-তুলির আঁচড়।
নিরপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, উচ্চ মাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারীসহ সৌধ এলাকায় থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়।
২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী পরিষদের সদস্য, কূটনৈতিক কোরের ডিন, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা: শফিকুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তিন বাহিনীর পক্ষ থেকে যাবতীয় গার্ড অব অনার প্রদানের জন্য একটি সুসজ্জিত দল তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এবং এর আশপাশের এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ মোতায়েন থাকবে সহস্রাধিক পুলিশ সদস্য।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধের প্রস্তুতি ও বিদেশী ভিআইপিদের আগমন উপলক্ষ্যে সকল প্রকার দর্শনার্থীদের স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২৬ মার্চ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ করার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও বিদেশী কূটনীতিকসহ লাখো মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। অতিথিদের স্বাগত জানাতে এরইমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, প্রতিবারের মতো এবারো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতার আগমন উপলক্ষে ঢাকা জেলা জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে প্রস্তুতিমূলত বৈঠক :
সাভার পৌরসভার থানা রোডের একটি কমিউনিটি সেন্টারে এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য ও ঢাকা জেলার আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য ও ঢাকা জেলার সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইনের সঞ্চালনায় জেলার উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে এক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো: মোবারক হোসাইন।
২৬ মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা: মো: শফিকুর রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক বৈঠকে প্রধান অতিথি সাইফুল আলম খান মিলন তার বক্তব্যে বলেন, ‘ক্ষুধা, সন্ত্রাস, চাঁদাবাজ, নদীদখল, লুটপাটমুক্ত বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য জামায়াতের সকল স্তরের জনশক্তি ও সাধারণ জনগণকে সাথে নিয়ে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন জেলার নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ মো: শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা এ বি এম কামাল হোসাইন ও উপাধাক্ষ্য মাওলানা মো: শাহাদাত হোসাইন, জেলার রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জেলার আইনবিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম, শিবিরের ঢাকা জেলা উত্তরের সভাপতি মো: রাকিব হোসেন প্রমুখ।
এছাড়াও জেলা ও থানার বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।



