যশোর-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেছেন, এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে আব্দুল কাদের অভিযোগ করেন, বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নারীকর্মীদের শারীরিকভাবে আঘাত, হেনস্তা, গালিগালাজ ও হত্যার হুমকি দেয়া হলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। বারবার আবেদন করার পরও প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড করতে ব্যর্থ হচ্ছে। ফলে, নির্বাচনে নিরপেক্ষ পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
তিনি অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল্লাহ, এনসিপির মুহাম্মদ নুরুজ্জামান, জামায়াতে ইসলামীর অধ্যাপক আবুল হাশিম রেজা, মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ।



