রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন-২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এফ নজরুল ইসলাম।
শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সালেহ হাসান নকীব তাকে এ দায়িত্ব প্রদান করেন।
এর আগে, অধ্যাপক নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কলেজগুলোর পরিদর্শকসহ একাধিক প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। রাকসুতে নির্বাচন কমিশনার হিসেবেও তিনি আগে দায়িত্ব পালন করেছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার নিয়োগের ফলে শূন্য হওয়া পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হককে নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়াও অধ্যাপক এফ নজরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
নিয়োগ প্রসঙ্গে অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘গতকাল শনিবার রাতে আমাকে রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। সবার আকাঙ্খিত রাকসু নির্বাচন সফল করতে আমরা বদ্ধপরিকর। আমরা সবাই মিলে একটা সুন্দর নির্বাচন করতে চাই। বিভিন্ন সমস্যা আসবে, সেগুলো সমাধান করে আমরা সামনে আগাবো, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, গত ২০ আগস্ট অধ্যাপক মো: আমজাদ হোসেন সরকারি কর্ম কমিশন (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার পদটি শূন্য হয়।



