প্রতারণা মামলায় যুক্তরাজ্যপ্রবাসী নারী ওসমানী বিমানবন্দরে গ্রেফতার

পুলিশ সূত্র জানায়, মাকসুদা চৌধুরী সিলেট কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি।

সিলেট ব্যুরো

Location :

Sylhet

প্রতারণা মামলার এক আসামিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতার হওয়া মাকসুদা চৌধুরী (৫৬) যুক্তরাজ্যপ্রবাসী এবং মৌলভীবাজার সদর উপজেলার রাউতগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী।

রোববার (১২ জুলাই) সকালে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে ভ্রমণের জন্য তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে আদালতের নির্দেশে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

পুলিশ সূত্র জানায়, মাকসুদা চৌধুরী সিলেট কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি।

আটকের পর বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সাধারণ ডায়েরি মূলে তাকে কোতোয়ালি মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কুদ্দুসের কাছে হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।