রংপুর ব্যুরো
রংপুর বিভাগের পাঁচ জেলায় পাইলটিং পর্যায়ে তিন হাজার ২১৬টি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সফলভাবে অর্থায়ন করা হয়েছে। মে ও জুন মাসে এসব পরিবারের মাঝে কার্ডের মাধ্যমে মোট এক কোটি ৮৯ লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া আগামী মাস থেকে বিভাগে আরো প্রায় ৪৮ লাখ পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় ফ্যামিলি কার্ড শুমারি কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
সভায় জানানো হয়, তিন পর্যায়ে দিনাজপুরের নবাবগঞ্জের জয়পুর ইউনিয়নে ৫৬০ জন, ঠাকুরগাঁও সদরের রহিমানপুর ইউনিয়নে ৫৯০ জন, লালমনিরহাট সদরের কুলাঘাট ইউনিয়নে ৯২০ জন, রংপুরের পীরগঞ্জের চতরা ইউনিয়নে ৬৬৫ জন এবং পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউনিয়নে ৪৮১ জন সফলভাবে ফ্যামিলি কার্ডের অর্থ মোবাইলের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
পাইলটিং পর্যায় সফল হওয়ার পর রংপুর বিভাগের আট জেলায় ৪৭ লাখ ৮৬ হাজার ৯৯৮টি পরিবারের তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য সাত হাজার ৭৪ জন তথ্যসংগ্রহকারী ও ৬৬৮ জন সুপারভাইজার নিয়োগের কাজ চলছে, যা আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে। আগামী মাস থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।
বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানান, তথ্য সংগ্রহের পর নির্বাচিত প্রতিটি পরিবার প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে দুই হাজার ৫০০ টাকা করে ভাতা পাবে। তিনি এ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা ও পরিসংখ্যান দফতরের প্রতিনিধি এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।



